মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে টানা দুই দিনব্যাপী প্রদর্শিত হবে তার এক অভিনীত মঞ্চ নাটক ‘পারো’। নাট্যদল দেশ নাটকের ২৫তম প্রযোজনা এটি। লেখা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার মাসুম রেজা।
জানা গেছে, ২৩ ও ২৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
গত ডিসেম্বরে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বন্যা মির্জা। এরপর থেকেই তিনি নাটকটি নিয়ে ব্যস্ত।
মহড়া চলাকালে ‘পারো’ নাটকের বিষয়ে বন্যা জানান, এটি মূলত একটা মেয়ের গল্প; একক নারীর গল্প। কোভিডের সময় ভার্চ্যুয়ালি এর মহড়া হয়েছিল। এরপর ২০ দিনের প্রস্তুতিতে এটি মঞ্চে আসছে।
প্রসঙ্গত, নাট্যদল দেশ নাটকে নিয়মিত কাজ করছেন বন্যা মির্জা। একই নাট্যদলের হয়ে তাকে সর্বশেষ দেখা গেছে ‘জলবাসর’ নামের একটি নাটকে।
