মাদারীপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সকসহ ৩০ কর্মকর্তা-কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য। ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম।
জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসারের একটি পদসহ জুনিয়র কনসালট্যান্ট অপথালমজি, সিনিয়র কনসালট্যান্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট নাক-কান-গলা (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট ফিমিক্যাল, মেডিসিন অ্যান্ড রিহেবিলাইজেশন, জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি একটি করে ছয়টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার জুনিয়র ম্যাট্রোনের একমাত্র পদটি বর্তমানে শূন্য। অকুপেশনাল থেরাপিস্ট, স্বাস্থ্য শিক্ষাবিদ, স্টোরকিপার, ড্রাইভারের একটি করে চারটি এবং সহকারী নার্সের তিনটি পদ শূন্য রয়েছে। অফিস সহায়কের সাতটি পদসহ কুক-মশালচির দুটি, পরিচ্ছন্নতা কর্মীর ছয়টি এবং ডোমের একমাত্র পদটি দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২৫০ শয্যার জেলা হাসপাতালটিতে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত ও গুরুতর আহতদের। সিনিয়র কনসালট্যান্ট সার্জারি না থাকায় রোগীদের (আহত) অন্যত্র পাঠানো হচ্ছে।
সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামে হায়দার শিকদার ও ধুরাইল গ্রামের সাবিহা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ও সংকটাপন্নদের নিয়ে তারা অনেকবার দুর্ভোগের শিকার হয়েছেন।
সৈদারবালী গ্রামের ফিরোজা বেগম জানান, চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম জনবলসংকটের বিষয়টি নিশ্চিত করে জানান, এই সমস্যার মধ্য দিয়েই আমরা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।
