বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৪:১৪

যশোরের বেনাপোলে ধান্যখোলা-জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ৪৯ বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মাসুদ রানার কাছে ভারতের গাঙ্গুলিয়াপাড়া সীমান্ত থেকে লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এসের কাছে গাঙ্গুলিয়া পাড়া দিয়ে বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

লাশটি অ্যাম্বুলেন্সে যশোর ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়।

এর আগে সোমবার বিজিবি সিপাহী রইস উদ্দিন ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার তারাপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে তিনি।

বিজিবি সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল তাদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌঁড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিন চোরাকারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করে।

এ ঘটনার পর পরই উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিবির ওই সদস্যের মৃত্যু হয়।

ইত্তেফাক/এইচএ