নিরাপদ খাদ্য দিবসের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েট

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৮:২১

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এতে রানার-আপ হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। 

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন—বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, সাংবাদিক গোলাম ইফতেখার ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা মো. হাসিম হাসনাত। 

অনুষ্ঠানে বক্তারা উত্তম কৃষি চর্চা, কৃষি উৎপাদনে সঠিক জ্ঞান, উপযুক্ত কৃষি উপকরণের যোগান, খাদ্যে ভেজালকারীদের যথাযথ শাস্তি প্রদানসহ নিরাপদ খাদ্য নিশ্চিতে কমিউনিটি ভিত্তিক সামাজিক জাগরণ গড়ে তোলার আহ্বান জানান। 

চ্যাম্পিয়ন দল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন—আদিব ফেরদৌস, রিয়াদ আহমেদ অনন্ত ও ফাইরুজ। রানারআপ দল ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকরা হলেন—আরাফুল হক, মিজবাহউজ জামাল ও এস এম জাহিন জাওয়াদ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

ইত্তেফাক/ডিডি