আইনমন্ত্রীর গণসংবর্ধনা, বানানো হয়েছে কয়েক’শ তোরণ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৫

অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে এবার নিয়ে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। আইনমন্ত্রীও হয়েছেন ৩ বার। এ কারণে তাকে দেওয়া হচ্ছে গণসংবর্ধনা।

শনিবার (২৭ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হবে।

এদিকে সংবর্ধনা উপলক্ষে দু’দিনের সফরে আনিসুল হক শুক্রবার সকাল ১০টায় নিজ এলাকায় পৌঁছান। কসবার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা ও পথসভায় এবং আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।

আগামীকাল শনিবার কসবায় আরও দুটি অনুষ্ঠানে যোগদান শেষে বিকাল ৩টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন।

আয়োজকরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। সংবর্ধনা শেষে সঙ্গীত পরিবেশন করবেন আখি আলমগীর ও পুলক। এই গণসংবর্ধনা ঘিরে সাজসাজ রব আখাউড়ায়।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী জানান, গণসংবর্ধনায় ১০/১২ হাজার লোকসমাগমের আশা করছেন তারা। আখাউড়া শহরসহ গোটা উপজেলায় প্রায় আড়াইশো’র মতো তোরণ নির্মাণ করা হয়েছে।

ইত্তেফাক/এবি