কক্সবাজারের রামুতে লেগুনা চাপায় ইমারি রাখাইন (৫০) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন নারী নিহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাতটার দিকে রামু-মরিচ্যা আরাকান সড়কের ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন নিহতের ছেলে উয়ে মং রাখাইন তিনি বলেন, ‘সকালে আমার মা বাড়ির আঙিনায় ফুল গাছে পানি দিচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে বেপরোয়া লেগুনা এসে মাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, নিহত ইমারি রাখাইন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
