আজ সাকিব-তামিমের সঙ্গে বসছে তদন্ত কমিটি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণে তিন সদস্যের তদন্ত কমিটি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেকের সঙ্গে আলাপ করেছে সেই তদন্ত কমিটি। তবে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে এখনো বসেনি তদন্ত কমিটি। অবশেষে আজ (২৯ জানুয়ারি) তদন্ত কমিটির মুখোমুখি হবেন সাকিব। 

তিন সদস্যের তদন্ত কমিটি সকালে সিলেটে পৌঁছেছেন। তামিম ইকবালের সঙ্গেও বসতে পারে তদন্ত কমিটি। এর আগে গতকাল রোববারই সাকিবের সঙ্গে বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছিলেন তদন্ত কমিটির সদস্য এবং ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

তিনি বলেছিলেন, '৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সঙ্গে এখনো বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। কাল তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেবো। বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিবাচক ও নেতিবাচক দিক। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে দিয়ে দেবো। সাকিব ছাড়াও আরও ২-১ জন বাকি আছে।’  

বিশ্বকাপ দলে ছিলেন না তামিম। তবে বিশ্বকাপে মাঠের ব্যর্থতা এবং মাঠের বাইরের কিছু ঘটনা নিয়ে দলের অনেকের সঙ্গে কথা বলার পর তামিমের সঙ্গেও কথা বলা উচিত বলে মনে করছে তদন্ত কমিটি। 

ইত্তেফাক/জেডএইচ