সড়কে সারা বছর পানি

ফতুল্লায় প্রতিকার চেয়ে মানববন্ধন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:১০

ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রেল স্টেশনের পূর্ব পাশের সড়কে দীর্ঘদিনের  জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

গতকাল সোমবার সকালে ভুক্তভোগীরা এই মানববন্ধনের আয়োজন করেন। স্থানীয়রা জানান, ‘সারা বছর এখানে জলাবদ্ধতা থাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

ফতুল্লা ইউপি সদস্য হাসমত আলীর বাড়ির সামনের রাস্তায় ১২ মাস ধরেই বর্ষাকাল থাকে।’ স্থানীয় ব্যবসায়ী টুটি জানান, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় এখানে কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিয়েছে। অথচ এ সমস্যা সমাধানে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার কিংবা সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে বাধ্য হয়ে পিলকুনি, তক্কারমাঠ, শেহাচরের লাখো মানুষ সব সময়ই ময়লা, দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে এখান দিয়ে যাতায়াত করে থাকে। এ সমস্যা কেউ নিরসন না করায় স্থানীয় বাসিন্দারা হতাশ এবং ক্ষুব্ধ। প্রতিকার চেয়েছে এলাকাবাসী।

ইত্তেফাক/এমএএম