চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে ট্রাকচাপায় মো. আনোয়ার পারভেজ নামে ১ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ বসর ও মোহাম্মদ আজিম নামে আরও ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ছয়টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।
নিহত আনোয়ার পারভেজ উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। পারিবারিক সূত্র জানিয়েছে, কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। সকালে ডিউটিতে যাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম জানান, সকালে ৩ জন যুবক সাইকেল চালিয়ে চায়না রাস্তার দিকে যাচ্ছিল। আনোয়ারা প্রান্ত থেকে আসা বেপরোয়া একটি ট্রাক হঠাৎ করে ৩ জন সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্য ২ জন আহত হন। আহতদের দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নিহত যুবকের লাশ এরই মধ্যে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

