শখকে নিয়ে ‘সামচু ভাই সংসারী হতে চায়’

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৭:৫০

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন দেশের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ‍বুধবার থেকে শুটিংয়ে ফিরেছেন তিনি। শেখ সেলিমের পরিচালনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন শখ। বিষয়টি নিশ্চিত করলেন নির্মাতা নিজেই।

বুধবার দুপুরে শেখ সেলিম বলেন, ‘আবারও অভিনয়ে ফিরলেন শখ, এটা আমাদের সবার জন্য আনন্দের খবর। তার মতো শিল্পীকে অনেক দিন আমরা অভিনয়ে পায়নি। আশা করছি ভালো একটি কাজের মধ্য দিয়ে আবারও সামনে তুলে ধরতে পারবো তাকে।’

শেখ সেলিম নির্মাণ করছেন ঈদুল আযহা বিশেষ নাটক ‘সামচু ভাই সংসারী হতে চায়’। নাটকটিতে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছেন শখ। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি প্রযোজনা করছেন যৌথভাবে সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব।

আরও পড়ুন: রিফাত ফরাজী ৭ দিনের রিমান্ডে

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই বিচ্ছেদ ঘটে তাদের। এরপর থেকেই মিডিয়া ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে শুরু করেন। অবশেষে ফিরছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ