চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২২:১৯

কুড়িগ্রামের রাজীবপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ধুলাউড়ি-সুইসগেইট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম এনামুল হক (৫০)। তিনি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি এলাকার মিছির আলীর ছেলে।  

জানা গেছে, সোমবার সকাল ৮ টায় বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন এনামুল। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজীবপুরের ধুলাউড়ি-সুইসগেট এলাকার ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে।  
  
রাজীবপুর থানার ওসি আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ইজিবাইক চুরির লক্ষ্যে চালককে অজ্ঞান করে ফেলে দেওয়া হতে পারে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এসএআর/পিও