ফেডারেশন কাপ ফুটবলের নকআউটে উঠেছে মোহামেডান এবং আবাহনী। এই দুই দল একই গ্রুপে লড়াই করছিল। গতকাল মোহামেডান আবাহনী নিজ নিজ খেলায় জয় পাওয়ায় গ্রুপের অন্য দুই দল ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম আবাহনী হেরেছে দুটি করে ম্যাচ। কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে আগামী ১১ ফেব্রুয়ারি, গোপালগঞ্জের মাঠে।
লিগের পয়েন্ট টেবিলে মোহামেডান দ্বিতীয় স্থানে রয়েছে। ১২ জানুয়ারি লিগের ম্যাচে ব্রাদার্সকে ৫-১ গোলে হারিয়েছিল মোহামেডান। এবার গোল সংখ্যাটা কম হলেও সন্তুষ্ট মোহামেডান। গতকাল গোপালগঞ্জের মাঠে অনুষ্ঠিত মোহামেডান ব্রাদার্সের খেলায় প্রথমার্ধ গোল হয়নি। দ্বিতীয়ার্ধে তিন গোল দেখেছে স্টেডিয়ামে আসা হাতে গোনো কিছু দর্শক। সৌরভ দেওয়ানের গোলে ৬৬ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। ৩ মিনিটের মধ্যেই ব্রাদার্স গোল শোধ করে, উজবেক ফুটবলার ওতাবেক গোল করেন, সমতা আনেন। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচ আগে মোহামেডান জয়ের দেখা পায়। জাফর ইকবালের গোল মোহামেডানকে কোয়ার্টার ফাইনালে তুলে দেয়।
লিগে আবাহনীর অবস্থা খুব একটা ভালো না। তারপরও টুর্নামেন্টে খারাপ করছে না। কাল ঢাকায় কিংসের মাঠে হওয়া চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ঢাকার দল আবাহনী ৩-০ গোলে জয় পেয়েছে। তিন গোলই করেছেন বিদেশি ফুটবলাররা। ৪৩ মিনিটে মিনিটে ব্রাজিলিয়ান ব্রুনো রোচা, ৪৭ মিনিটে নাইজেরিয়ান এমেকা ওগবুগ এবং ৮৩ মিনিটে ব্রাজিলিয়ান ওয়াশিংটন গোল করেন। আবাহনীর ফুটবলাররা লিগের ম্যাচে জ্বলে উঠতে পারছেন না। ৫টা করে খেলা হয়ে গেছে। আবাহনী লিগ শিরোপার ধারে কাছেও নেই।
