কক্সবাজারে একটি গুদামে মজুত করে রাখা টিসিবির ৩৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে র্যাব-১৫। একই সময় টিসিবি পণ্য মজুতের অভিযোগে অরুণ মিত্র (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকা হালিম ম্যানশন নামে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় তার কাছে থাকা সয়াবিন তেল উদ্ধার করে র্যাব।
অরুণ কান্তি মিত্র চট্রগ্রামের চন্দনাইশ হাশিমপুর (মিত্রপাড়ার) মৃত শান্তি পদ মিত্রের ছেলে।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র্যাবের কাছে খবর আসে, অরুণ কান্তি কক্সবাজার পৌরসভার রোমালিয়াছড়া এলাকার হালিম ম্যানশন নামে একটি আবাসিক ভবনে টিসিবি পণ্য (সয়াবিন তেল) অবৈধভাবে মজুত করে রেখেছে। এ খবরের ভিত্তিতে ৩১ জানুয়ারি রাতে র্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি দেখে পালিয়ে যাওয়ার সময় অরুণ কান্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী তার মজুত করে রাখা ১৯ কার্টুনে মোট ৩৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। টিসিবি পণ্য (সয়াবিন তেল) মজুতের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তিনি।’
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অরুণ স্বীকারোক্তি দিয়েছেন যে, বাড়তি মুনাফা লাভের জন্য টিসিবি পণ্য মজুত করছিলেন তিনি।
