উন্নতির দিকে এরশাদের শারীরিক অবস্থা: জিএম কাদের

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৯:০৭

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহম্মদ (জিএম) কাদের। বুধবার (৩ জুলাই) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন এইচ এম এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের বরাত দিয়ে গোলাম মুহম্মদ (জিএম) কাদের বলেন, 'তার অবস্থার কিছুটার উন্নতি হয়েছে। এ ধারা আরও ২-৩ দিন অব্যাহত থাকলে তিনি সুস্থ হয়ে উঠবেন। এখন তার অবস্থা সন্তোষজনক। তবে চিকিৎসকরা এখনও শঙ্কামুক্ত বলছেন না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।'

তিনি আরও বলেন, 'আজ বেলা ১১টার দিকে আমি সিএমএইচে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদের কাছে গিয়ে কথা বলেছি, কপালে হাত দিয়েছি। তখন তিনি চোখ মেলে আমার কথা শুনেছেন।' তিনি দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, 'দেশবাসীর কাছে সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের গ্রহণযোগ্যতা অতুলনীয়। তাই দেশবাসী সারাক্ষণ তার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানতে চান। এ জন্য জাতীয় পার্টির প্রতিদিনের ব্রিফিংয়ের বাইরে অন্য কোনো সূত্র থেকে পাওয়া এরশাদকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলতে অনুরোধ করব।'

আরও পড়ুন:  লিবিয়ায় অভিবাসী কেন্দ্রে বিমান হামলার তীব্র নিন্দা

এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মো. আজম খান, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সম্পাদকমণ্ডলী সদস্য মো. শামসুল হক, শাহজাহান মনসুর, অ্যাডভোকেট আহমেদ শফি রুবেল, এম এ রাজ্জাক খান।

ইত্তেফাক/জেডএইচডি