লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ বেশ পুরনো। আর তাই আল নাসর ও ইন্টার মায়ামির ম্যাচে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সময়ের এই দুই সেরা ফুটবলার। তবে চোটের কারণে আগেই ম্যাচে থেকে ছিটকে যান রোনালদো। আর মেসিও মাঠে নেমেছেন ম্যাচের শেষ দিকে। এমন ম্যাচে আল নাসরের কাছে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে ইন্টার মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। সৌদি ক্লাবের হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিস্কা।
মেসিকে বসিয়ে রেখে খেলতে নামে মায়ামি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের মাত্র ১২ মিনিটের মধ্যেই মায়ামির জালে তিনবার বল জড়ায় আল নাসর।
ম্যাচের তৃতীয় মিনিটে ওতাভিওর গোলের পর দশম মিনিটে গোল করে দলের লিড বাড়িয়ে দেন তালিস্কা। এরপর ম্যাচের ১২ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন লাপোর্তে। এরপর আর কোনো গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
বিরতি থেকে ফিরেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তালিস্কা। এরপর ৬৮ মিনিটে স্কোরশিটে নাম লেখান সৌদি আরবের ফরোয়ার্ড মোহামেদ মারান। তার গোলে ৫-০ তে এগিয়ে যায় সৌদি ক্লাবটি।
এরপর ম্যাচের ৭৩ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তালিস্কা। ৬-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে সুবিধা করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৬-০ গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে মেসির মায়ামি।
