মোংলা বন্দর দিয়ে সড়ক পথে আমদানি-রপ্তানি পণ্য নেপালে আনা-নেয়ার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি।
আজ বুধবার বন্দরের সম্মেলন কক্ষে মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, এখন থেকে পূর্ণাঙ্গভাবে মোংলা বন্দর ব্যবহার শুরু করবে নেপাল। আগের তুলনায় এ বন্দর অনেক সক্ষমতা অর্জন করেছে।
রাষ্ট্রদূত বলেন, মোংলা বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে। বর্তমানে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ার ফলে নেপাল এ বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হয়েছে।
আরো পড়ুন: কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগ
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, নেপালি দূতাবাসের অফিস সেক্রেটারি রিয়া ছেত্রী, বন্দরের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোংলা বন্দর পরিদর্শন শেষে নেপালের রাষ্ট্রদূত ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের করমজলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে যান।
ইত্তেফাক/এমআই
