মুখ যখন বদলে যায়!

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৯:৪০

২০০৯ সালে মুক্তি পায় আর বাল্কির পরিচালনায় ‘‌পা’‌। সেই ছবিতে অভিষেক বচ্চনের অনস্ক্রিন ছেলের ভূমিকায় অমিতাভ বচ্চন। এক প্রোজেরিয়া আক্রান্ত বালকের ভূমিকায়। সেই প্রথম প্রস্থেটিক মেক আপে নিজেকে সজ্জিত করেছেন অমিতাভ বচ্চন। টানা আট ঘণ্টা ধরে অসীম ধৈর্য্যের সঙ্গে মেক আপ শিল্পীদের সব চাহিদা মেটালেন তিনি। আর তার ফলেই দেখা গেল ‘‌পা’‌ ছবির ‘‌অরো’কে। টাক মাথা, চশমা পরা এক বালক।

২০১৮ সালে এবার আর বালক নয়। একেবারে ১০২ বছরের এক বৃদ্ধ। নাম দত্তাত্রেয়। এই দত্তাত্রেয়র বয়স ১০২ বছর হলে কি হবে, এখনও সে কমবয়সীদের মতোই জীবনটাকে উপভোগ করে নিতে চায়। তার ছেলে বাবুলালও তে বৃদ্ধ। তাই তার বৃদ্ধ সুলভ আচরণ দেখতে দেখতে সমানে টিটকিরি মেরে চলেন বাবা দত্তাত্রেয়। সেই নিয়েই উমেশ শুক্লার ছবি ‘‌১০২ নট আউট’‌। ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করলেন অমিতাভ বচ্চন। আর ছেলের ভূমিকায় ঋষি কাপুর। আর এই ছবিতেই দ্বিতীয়বার প্রস্থেটিক মেক আপে এলেন অমিতাভ বচ্চন। সেই এক ক্লান্তিকর টানা আট ঘণ্টার অপরিসীম ধৈর্যের শেষে যখন ‘‌দত্তাত্রেয়’ হয়ে উঠলেন অমিতাভ বচ্চন তখন তাকে চেনে কে?‌

প্রস্থেটিক মেক আপ তো একটা সজ্জা। যা চরিত্রের কাছাকাছি পৌঁছে দেয় অভিনেতাকে। কিন্তু সেই চরিত্রে প্রাণ সঞ্চার?‌ সেটা তো অভিনেতাকেই করতে হয়। আর ‘‌পা’‌ বা ‘‌১০২ নট আউট’‌ এই দুটো ছবিতেই মেক আপ করা চরিত্রের মধ্যে অদ্ভুতভাবে প্রাণ সঞ্চার করেছিলেন অমিতাভ বচ্চন। নিজের খোলস থেকে বেরিয়ে সত্যি সত্যিই হয়ে উঠেছিলেন ‘‌অরো’‌ বা ‘‌দত্তাত্রেয়’‌।

আসলে অনবরত নতুন চরিত্রে অভিনয়ের খিদে নিয়ে নিজেকে ক্রমশই ভাঙছেন আর গড়ছেন অমিতাভ বচ্চন নামক অত্যন্ত সিরিয়াস অভিনেতাটি। তার উদাহরণ আর একবার পাওয়া গেল সুজিত সরকারের পরিচালনায় নতুন ছবি ‘‌গুলাবো সিতাবো’‌তে।

ছবির ফার্স্ট লুকে দেখা গেল আবার প্রস্থেটিক মেক আপে সজ্জিত অমিতাভ বচ্চনকে। এই বয়সেও নিত্য নতুন চরিত্রের জন্য টানা আট ঘণ্টার প্রস্থেটিক মেক আপ নামক যন্ত্রণাকে এক ফুঁয়ে উড়িয়ে দিলেন তিনি। তাকে এই ছবিতে দেখা যাচ্ছে মলিন পাজামা আর পাঞ্জাবিতে। সেই সঙ্গে একমুখ দাড়ি, মাথায় একটা কাপড়, বিষন্ন মুখ আর চোখে হাইপাওয়ার গ্লাসের চশমা।‌

এই ছবির প্রেক্ষাপট লখনৌ। অমিতাভ বচ্চন অভিনয় করছেন অমরিশ মালহোত্রার ভূমিকায়। সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা ও নালনিশ নীল। আয়ুষ্মান তো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। দর্শকের কাছে তার জনপ্রিয়তা যথেষ্ট। আর নালনিশ নীল ক্রমশ একজন গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করছেন নিজেকে। ‘‌থ্রি স্মোকিং ব্যারেলস’‌-‌এ তার অভিনয় যথেষ্ট প্রশংসিত। ইতিমধ্যেই লখনৌ-‌তে শুরু হয়ে গেছে ছবির শুটিং। ছবি মুক্তি পাবে আগামী বছরের এপ্রিলে।‌ সূত্র: আজকাল।