গাইবান্ধার সাদুল্লাপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বিপুল মিয়া (৩০)। উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় জনৈক খয়রাজ্জামানের মরিচ ক্ষেত থেকে বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
এর আগে গত মঙ্গলবার রাতে ওই এলাকা থেকে দুই কিলোমিটার পূর্ব পাশে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের কাঁচা সড়ক থেকে বিপুল মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশাটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নিহত বিপুল মিয়া পলাশবাড়ী উপজেলার পার্বতীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের পরিদর্শক নওয়াবুর রহমান জানান, মঙ্গলবার রাতে ওই এলাকায় এলাকাবাসী ব্যাটারিচালিত অটোরিকশাটি পরিত্যাক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে অটো রিকশাটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
বুধবার সকালে স্থানীয় লোকজন ওই এলাকায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসার পর তার স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করে।
আরও পড়ুন: আগৈলঝাড়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
তিনি আরও জানান, মরদেহের গলা তার নিজের পরণের লুঙ্গি দিয়ে পেঁচানো ছিলো। মুখে ঘাস ও লতাপাতা গুঁজে দেওয়া ছিলো। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। কিন্তু কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। লাশ ময়না তদন্ত করার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও এনিয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/নূহু
