এটা যেন অবিশ্বাস্য, অসাধ্য সাধন করেছে মোহামেডান। গতকাল সন্ধ্যায় কিংসের এ্যারেনায় প্রিমিয়ার লিগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়েছে মোহামেডান। মিনহাজুর আহমেদ রাকিবের একমাত্র গোলে মোহামেডান হারিয়েছে কিংসকে। এত দিন কিংস যে অহমিক নিয়ে কথা বলত, তাদের মাঠে এসে কেউ কিংসকে হারাতে পারে না, দেশি ক্লাব, বিদেশি ক্লাব মোহন বাগান, মাজিয়া স্পোর্টস, ওড়িশা ক্লাব, যখন যে খেলতে গিয়েছিল, তারাই হেরে এসেছে। কিংসের এই মাঠে অনেক দলই ম্যাচ খেলতে রাজি হয় না। ক্লাবগুলো বাইরে যতই ভালো খেলুক, তারা নাকি কিংসের মাঠে গিয়ে জয় নিয়ে ফিরতে পারে না। তাহলে কি বলতে হবে মোহামেডানই প্রথম দল, যারা কিংসের মাঠ থেকে জয় নিয়ে ফিরল।
অন্তত ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যদি ধরা হয়, তাহলে হিসাব এমনই হয়। বসুন্ধরা কিংসের ৩১তম হোম ম্যাচে এসে তারা হারের মুখ দেখল। মোহামেডানের জয়ের নায়ক মিনহাজুর আহমেদ রাকিব, কিংসের তিন ফুটবলারের মাঝখান দিয়ে বল নিয়ে ঢুকে বক্সের বাইরে থেকে বাতাসে ভাসিয়ে দেওয়া বাম পায়ের দর্শনীয় শটে গোলরক্ষক আনিসুর রহমানকে বোকা বানিয়ে জালে পাঠান। ছবির মতো গোল হয়েছে। অবিশ্বাস্য গোল, অবিশ্বাস্য জয়। যোগ হওয়া ১৩ মিনিটসহ, ৬৩ মিনিট সময় পেয়েও গোল শোধ করতে পারেনি কিংস।
কিংসের ব্রাজিলিয়ান ডরিয়েলটনের সঙ্গে মাথায় আঘাত লেগে রক্তাক্ত হওয়া মোহামেডানের গোলরক্ষক সুজন মাথায় ব্যান্ডেজ প্যাঁচিয়েও পোস্টের নিচে কিংসের বিপক্ষে রীতিমতো যুদ্ধ করেছেন। একটা সময় অসুস্থ হয়ে পড়লে তিনি মাঠ থেকে বের হতে বাধ্য হন, খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে। বদলি খেলতে নেমে গোলরক্ষক সাকিব আল হাসান দুর্দান্ত লড়াই করেছেন। কিংসের ডরিয়েলটন এবং রবসনের টানা তিনটা চেষ্টা দারুণভাবে রুখে দিয়েছেন। প্রায় নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন। দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন মোহামেডানের দিয়াবাতে। ভাগ্য ভালো, কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো কর্নার করতে পেরেছিলেন বলে রক্ষা।
বসুন্ধরা কিংস দেশের ফুটবলে সবচেয়ে বড় বাজেটের দল। তাদের বাজেট আর অন্য সাত ক্লাবের বাজেট এক করলেও বসুন্ধরা কিংসের বাজেটের সঙ্গে তুলনা করা যায় না। জাতীয় দলের সব ফুটবলারই কিংসের। তার পরও আক্রমণভাগে বিদেশি বাঘা বাঘা সব ফুটবলার খেলেন। চড়া পারিশ্রমিক দিয়ে খেলাতে হয়। তিন ব্রাজিলিয়ান ডরিয়েলটন, রবসন, মিগুয়েলের সঙ্গে উজবেকিস্তানের আসরভ গফুরভ। তাদের সঙ্গে কোটি টাকার ফুটবলার তপু বর্মন, রাকিব হোসেন, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, গোলরক্ষক আনিসুর রহমান জিকোদের সামনে সবাইকে ফিরে আসতে হয়েছে। কিংস লিগের পাঁচ খেলায় পাঁচটিতেই জয় নিয়ে ছুটে চলছিল। সেই ছুটে চলা থামিয়ে দিয়েছে মোহামেডান। এখন দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র ১।
লিগে আবাহনী ফর্টিসের কাছে হারের পর আবাহনীর আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানী বলেছিলেন, ‘লিগ এখনো অনেক দূর বাকি। বসুন্ধরা কিংস শক্তিমান দল মানছি, তবে শেখ জামাল, মোহামেডানও ভালো খেলছে।’ ক্রুসিয়ানী বুঝিয়ে দিয়েছেন, এদের কাছে ধরা পড়তে পারে কিংস। তার কথাও সত্যি হয়েছে। মোহামেডানের গোলরক্ষক সুজন, গোলরক্ষক সাকিব, কামরুল, মেহেদি, হাসান মুরাদ, মানিক মোল্লা, শাকিল আহমেদ তপু, মিনহাজুর আবেদিন রাকিব, নাইজেরিয়ান এমানুয়েল টনি, আগবাজি, এমানুয়েল সানডে, উজবেকিস্তানের মোজাফফরভ, মোহামেডান অধিনায়ক মালীর দিয়াবাতে ৪০ মিনিটে পাওয়া গোলটা অসাধারণ দক্ষতায় ধরে রাখেন।

