রাজশাহীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় বৃদ্ধের লাশ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:৩৭

রাজশাহী মহানগরীতে নিখোঁজের সাতদিন পরে ডোবা থেকে বৃদ্ধ ইয়াদুলের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে মহানগরীর কাজলা এলাকার ওই বৃদ্ধকে হত্যার পর লাশ ডোবায় ফেলা হয়েছে কি-না? তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, সাত দিন আগে এলাকার স্থানীয় বাসিন্দা ইয়াদুল বাড়ি থেকে বেড় হয় তার ছোট ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। পরে সেখান থেকে বাড়ি পেরার পথে নিখোঁজ হন তিনি। প্রায় এক বছর আগে দুইবার স্ট্রোক করার পর থেকে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরে বেড়াতেন ইয়াদুল। তার ছেলে কাঠ মিস্তিরির কাজ করেন।

ইয়াদুল তার ছেলের কাছেই থাকতেন। বুধবার সকালে বিস্কুট ফ্যাক্টারির পাশের ডোবায় লাশটি ভেসে উঠলে লাশের পরণে থাকা শার্ট দেখে স্থানীয়রা তাকে সনাক্ত করেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

পরিবার সদস্যদের বরাদ দিয়ে নগরীর মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, নিখোঁজের দুইদিন পর পরিবারের পক্ষ থেকে ঘটনাটি থানায় জানানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছিল। বুধবার সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

আরও পড়ুন: রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

ময়নাতদন্তের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশে পচন ধরেছে, তাই ময়নাতদন্ত শেষে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু