পাকিস্তানে নির্বাচনের ফল ঘোষণায় দেরি হওয়ায় দলীয় কর্মী ও সমর্থকদেরকে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির চেয়ারম্যান গোহর খান এই আহ্বান জানিয়েছেন। খবর ডন ডট কম।
ব্যারিস্টার গোহর আলী খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল (রোববার) এলাকায় রিটার্নিং অফিসারদের অফিসের বাইরে-যেখানে ভোটের ফল ‘আটকানো ও বিলম্বিত’ হচ্ছে সেখানে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘(ইমরান) খান সাহেবের নির্দেশ অনুসারে, যে এলাকায় আমাদের ফল স্থগিত ও বিলম্বিত হয়েছিল—আমরা সেই তালিকাটি আপনার সঙ্গে শেয়ার করব। ইচ্ছাকৃতভাবে জয়ী আসনে পরাজিত করার জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে পরিবর্তন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ কারণে আল্লাহর ইচ্ছায় যেসব এলাকায় ফল ঘোষণা করা হয়নি, আমরা আগামীকাল (রোববার) সেই নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের অফিসের বাইরে বিক্ষোভ করব।’
দলের কর্মী ও সমর্থকদের আইন অনুযায়ী প্রতিবাদ করার আহ্বান জানিয়ে পিটিআই নেতা বলেন, ‘বিক্ষোভ শান্তিপূর্ণ হবে। এটি একটি সাংবিধানিক অধিকার।’
