একুশে বইমেলায় নিলুফার আহমেদের ‘২১ সিদ্ধেশ্বরী লেন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানের গাছের ছায়াতলে বইটির মোড়ক উন্মোচন হয়।
এসময় উপস্থিত ছিলেন—লেখিকা নিলুফার আহমেদ, তার স্বামী এসএম রাশেদ আহমেদ, প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, অনুবাদক নাদিরা ভাবনাসহ লেখিকার স্বজনরা।
‘২১ সিদ্ধেশ্বরী লেন’ নিলুফার আহমেদের প্রথম বই। এটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। এ বইয়ে ১৯৫৪ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত লেখিকার জীবনগাঁথা তুলে ধরা হয়েছে। বইয়ে তার শৈশব-কৈশোর ও ছাত্রজীবনের কথা প্রাধান্য পেয়েছে। উঠে এসেছে নিজ বাড়ি রাজধানীর ২১ সিদ্ধেশ্বরী লেনের নানা স্মৃতিগাঁথা। তৎকালীন বিভিন্ন উৎসব-পার্বণ, সাপখেলা, বানরখেলা, সার্কাস দেখা ও প্রতিবেশীদের নিয়ে স্মৃতিচারণমূলক কথা বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়িয়ে আছে।
লেখিকা নিলুফার আহমেদ বলেন, ‘আমার শৈশব-কৈশোর ও ছাত্রজীবনের নানা ঘটনা এ বইয়ে তুলে ধরতে চেষ্টা করেছি। আমার ৬ বছর বয়স থেকে বিয়ের পূর্ব পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী এখানে পাওয়া যাবে। আশা করি, বইটি পড়ে আমার স্বজন ও শুভাকাঙ্খীরা তাদের অতীতকেও খুঁজে পাবেন। আগামীতে আমার বিয়ে পরবর্তী জীবন নিয়ে আরেকটি বই প্রকাশের ইচ্ছে রয়েছে।’
প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বলেন, ‘২১ সংখ্যাটি বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই একুশে বইমেলাতেই প্রকাশিত হলো—২১ সিদ্ধেশ্বরী লেন বইটি। এটি পড়লে স্বাধীনতা-পূর্ববর্তী ঢাকার জীবনচিত্রও উপলব্দি করা যাবে। বইটি পড়ার জন্য সবাইকে অনুরোধ রইল।’
‘২১ সিদ্ধেশ্বরী লেন’ বইটি প্রকাশ করেছে অ্যাডর্ন পাবলিকেশন। প্রচ্ছদ এঁকেছেন মৌরিতানিয়া জোহরা। বইটি ইংরেজিতে লেখা। মেলার ৪৪১-৪৪৪ নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। এর বিক্রয় মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।

