টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক উত্তম কুমার সাহার উপর হামলা চালিয়েছে ছিনতাইকারীরা।
রোববার (১১ ফেব্রুয়ারি) কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে উপজেলা সদরের কলেজ রোডের পুরাতন শহীদ মিনার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
জানা গেছে, উত্তম কুমারের বাড়ি মির্জাপুর পৌরসভার আন্ধরা গ্রামে। শনিবার (১০ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সোয়া ৮টার দিকে উত্তম সাহা পৌরসভার কুতুব বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন তার উপর আক্রমণ করে। প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে গুরুতর আহত করে সর্বস্ব লুটে নেয়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ উত্তম কুমার সাহাকে দেখতে তার বাড়িতে যান এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন।
