সন্ত্রাসবিরোধী আইনে ৩ জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ড

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫৫

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার রায়ে জেএমবির ৩ সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, সেইসঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, জেলার সদর উপজেলার জহুরপুর বকরীপাড়া গ্রামের দুরুল হোদার ছেলে সেলিম ওরফে হারুন মিস্ত্রী (৩৬) এবং জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলাকাঠাল এলাকার আব্দুল মাবুদের ছেলে শাহাদৎ (৪২) ও কয়লারদিয়াড় এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুল মুমিন (৩৪)।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌসুলী আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ৭ জুলাই দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল ও বিজিবি সদস্যরা সেলিমকে গ্রেফতারে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেলিমের বাড়ি ঘেরাও করা হয়। এরপর সেলিমের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সেলিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ১টি বিদেশী পিস্তল ও  ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

ঘটনায় পরদিন ৮ জুলাই র‌্যাবের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯ ও ১০ ধারায় মামলা করেন। 

সেলিমের স্বীকারোক্তি অনুয়ায়ী অপর দুই আসামী শাহাদৎ ও আব্দুল মুমিনকে পরবর্তীদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: কক্সবাজার-টেকনাফ সড়ক অস্তিত্ব সংকটে

আঞ্জুমান আরা আরও জানান, ২০১৬ সালের ৩০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম আদালতে ৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু