চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে নাদিম আলী (২১)। একই মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত নাদিম জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৮ আগস্ট গোপন খবরের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ নাদিমকে আটক করে। ঘটনার পরদিন র্যাবের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো. নুরুন্নবী ঐ বছরের ৩০ সেপ্টেম্বর নাদিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
