বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাছ ধরার একটি ট্রলার পুড়ে গেছে। এসময় দুই জেলে দ্বগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চরগঙ্গামতি সংলগ্ন দেড় কিলোমিটার সাগর অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
অগ্নিদ্বগ্ধরা হচ্ছেন—সাহেব আলী হাওলাদার (৪৫) ও মামুন (৩০)। এর মধ্যে সাহেব আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রলার মালিক ইছা গাজী জানান, সব ধরনের মালপত্র নিয়ে ৮ জেলেসহ সাগরে মাছ শিকারে রওয়ানা দেয় ট্রলারটি। আনুমানিক দেড় কিলোমিটার সাগর গভীরে গিয়ে রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের সুইচ অন করলে বিস্ফোরণে আগুন লেগে যায়। আগুনে ট্রলার, জালসহ ভেতরের সব মালপত্র পুড়ে গেছে। এসময় আগুনে দুই জেলে ঝলসে গেছেন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১২ লাখ টাকা।
