আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে বিশ্ব ডাল দিবসের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৭

আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে বিএআরআই মাদারীপুর এর আয়োজনে বিশ্ব ডাল দিবস কর্মশালা-২০২৪ এর সমাপনি অনুষ্ঠান সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। উক্ত অনুষ্ঠানে বিশেষজ্ঞ বিজ্ঞানীবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন থাইলান্ড ক্যাসেট্যাট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রোটিক সোমাটা, কানাডা সাচকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের রাজিব পোদ্দার, GAIN বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ আশিক মাহাফুজ,পরিচালক (গবেষণা), ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ডা. মো. তরিকুল ইসলাম, ঈশ্বরদী, পাবনা ডাল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. আলতাফ হোসেনসহ দক্ষিণাঞ্চলের বিএআরআইয়ের গবেষণা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

গবেষণা মাঠ পরিদর্শন সম্পন্ন করার পর প্রধান অতিথি ড. দেবাশীষ সরকার বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন অনাবাদি জমি চাষের আওতায় এনে কৃষির উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি চাহিদা পুরণ করতে হবে। গবেষণার মাধ্যমে ডাল ফসল উৎপাদনের সমস্যা চিহ্নিতকরণ ও যুগোপযোগী বৈরী আবহাওয়ায় প্রতিরোধী জাত ও প্রযুক্তি উদ্ভাবন করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি গবেষণা কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান এবং চলমান গবেষণা কাজের সঙ্গে একাগ্রতা প্রকাশ ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত কর্মশালায় ডাল ফসলের সাথে সংশ্লিষ্ঠ বিজ্ঞানীরা, কর্মকর্তারা এবং কৃষক প্রতিনিধিগণকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান কার্যক্রম সমাপ্ত করা হয়।

উল্লেখ্য, ডালের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতি বছর ১০ ফেব্রুয়ারিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক ডাল দিবস হিসেবে উদযাপন করে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য মাটি ও মানুষের পুষ্টির জন্য ডাল। এ উপলক্ষ্যে শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১৫০ জন অংশগ্রহন করেন।

ইত্তেফাক/পিও