গাজার নাসের হাসপতালে ইসরায়েলের বিশেষ বাহিনী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬

ইসরায়েলের বিশেষ বাহিনী গাজার অবরুদ্ধ নাসের হাসপাতালে প্রবেশ করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণের দেয়াল ভেঙে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অ্যাম্বুলেন্স গ্যারেজ ও তাঁবু লক্ষ্য করে এবং কম্পাউন্ডের ভিতরে গণকবরগুলোতে বুলডোজার চালিয়েছে।

সৈন্যরা হাসপাতাল প্রশাসনকে নিবিড় পরিচর্যা এবং নার্সারিসহ রোগীদের কম্পাউন্ডের একটি পুরানো অংশে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল। ভেন্টিলেটরে থাকা ছয় রোগীকে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে নাসের হাসপাতালে বন্দীদের রেখেছে হামাস। যোদ্ধারা তাদের অপারেশনের জন্য মেডিকেল কম্পাউন্ড ব্যবহার করছে বলেও ধারণা।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে আইডিএফ হামাসকে ধ্বংষ করার এবং জিম্মিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণের জন্য কাজ করছে।’

হাগারি বলেন, ‘হামাস যেখানেই লুকিয়ে থাকে সেখানেই আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই। আমাদের জিম্মিদের সফল উদ্ধার অভিযানের মাধ্যমে তা প্রমাণ করেছি। জিম্মিদের বাড়ি ফেরাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দুঃখজনকভাবে, আমরা জানি যে কিছু জিম্মি আর বেঁচে নেই।’

সূত্র- আলজাজিরা ও বিবিসি।

ইত্তেফাক/এসএটি