বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা হাসনি ওয়েল মিলসংলগ্ন ৩০ নম্বর ওয়ার্ড এলাকায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। প্রচলিত আইনকানুন ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কিছু অসাধু ব্যবসায়ী থাকবেই, যারা ব্যক্তি স্বার্থে কাজ করে, যারা মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে ব্যবসা করতে চায়, আমরা সেসব মুখোশধারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রব্যমূল্য যেন খেটে খাওয়া মানুষের নাগালের মধ্যে থাকে, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। ব্যবসায়ীদের অনুরোধ করব, এই রমজান মাসে সবাই একটু উদার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাহলে কিছুটা হলেও সাধারণ মানুষের কষ্ট দূর হবে।’
