ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী, তাদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর সংলগ্ন বড়বিলা এলাকার ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো. সাদমান (৭) এবং একই উপজেলার অটোরিকশাচালক আলামিন সরকার (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শেরপুর থেকে যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। আললপুরের চর বলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।
এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ দিদারে আলম মাকসুদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
