পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গতকাল শনিবার জোড়া অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী। এতে নয়জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রেবাববার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে একটি বিবৃতি জারি করেছে দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে ট্যাংক জেলায় অভিযান চালানো হয়। সেখানে ‘সর্বোচ্চ ওয়ান্টেড’ সন্ত্রাসী আলিয়াস বাদর মন্সুর, আরেক জঙ্গী আমজাদ আলিয়াস বাবরি নিহত হয়েছে।
পরবর্তী সময়ে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সময় ২৯ বছর বয়সী একজন সিপাহী নিহত হয়েছেন।
