রংপুরে বিএনপির চার নেতার জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২৩:০৬

নাশকতাসহ বিভিন্ন মামলায় রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদসহ চার নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রাশেদা সুলতানা এ আদেশ প্রদান করেন।

রংপুরের পিপি আব্দুল মালেক অ্যাডভোকেট জানান, নাশকতাসহ বিভিন্ন মামলায় দীর্ঘ দিন আদালতে হাজির না হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক নুর হাসান সুমন, কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম ও বিএনপি নেতা আপেলসহ আসামিদের বিরুদ্ধে আদালত ইতিপুর্বে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ এই চার আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  
এদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু অভিযোগ, সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠাচ্ছে। তিনি নেতাদের মুক্তি দাবি করেছেন।

আরও পড়ুন: যশোরে শিশু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

এদিকে আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন জানান, আসামিরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলো। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদের আদালতে হাজির হবার খবরে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী আদালত চত্বরে ভীড় জমায়। সম্ভাব্য গোলযোগের আশংকায় আদালত প্রাঙ্গনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমআরএম