আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দেয়াল ধসে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২৩:৪৬

সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়ির গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দেয়াল ধসে তাহসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো চার জন।

বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার হাজী আকবর হোসেনের মালিকানাধীন এক তলা ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত তাহসিন হাসান মাগুড়া জেলার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসান এর ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকার আকবর হোসেনের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো। আহতরা হলেন, আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ৬ বছরের শিশু মিম। তারা সবাই এই বাড়ির ভাড়াটিয়া।

আরও পড়ুন: রংপুরে বিএনপির চার নেতার জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে পাইপ লাইনের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিলো। বিষয়টি বাড়ির মালিককে ভাড়াটিয়ারা জানালেও তা ঠিক করা হয়নি। বুধবার সকালে রান্নার করার সময় বিস্ফোরণ হয়ে এক তলা ভবনের দুপাশের পাশের দেয়াল ধসে পড়ে। এসময় দেয়ালের নিচে চাপা পড়ে শিশু তাহসিন নিহত এবং আহত হন অপর চারজন।

ফায়ার সার্ভিসের জোন-৫ এর কমান্ডার আনোয়ারুল হক জানান, গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও দুর্বল অবকাঠামোর কারণে ভবনটি ধসে পড়ে। ঘটনাটি তদন্তে বিশেষজ্ঞ প্রকৌশলী দ্বারা পরীক্ষা করানো হবে। বিষয়টি তদন্তের পাশাপাশি বাড়ির মালিকের কোন গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম