বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চার দলের মধ্যে তিন দল আগেই নিশ্চিত করেছে প্লে অফ। আজকেই নিশ্চিত হবে চতুর্থ দলটি। প্লে অফে খেলতে সহজ সমীকরণ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। জিতলেই শেষ চার নিশ্চিত হবে দলটির। এমন ম্যাচে ১৪১ রানের টার্গেট পেয়েছে বরিশাল।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে কুমিল্লা।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার লিটন দাস ও সুনিল নারিন। তবে দলীয় ২৪ রানে ১৮ বলে ১৬ রান করে আউট হন নারিন। তার বিদায়ের পর ১৬ রান যোগ করতে আরও জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কুমিল্লা।
এরপর মঈন আলিকে সঙ্গে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। তবে দলীয় ৭৬ রানে ২৬ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে যান হৃদয়। এরপর দলীয় শতরানের আগেই দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কুমিল্লা।
তবে শেষ দিকে জাকের আলির ১৬ বলে ১৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা। বরিশালের পক্ষে তাইজুল ইসলাম নেন ৩টি উইকেট।

