ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. নাদিম (৩০) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
নাদিম ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ সব তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার সকালে অসুস্থ অবস্থায় কয়েক জন কারারক্ষী মো. নাদিমকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’
কারা সূত্রের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘মো. নাদিম ৩২৮ ও ৪১১ ধারা মামলায় বন্দি ছিলেন। তার বাসা ঢাকার মুগদা এলাকায়। বাবার নাম মো. জব্বার। ময়নাতদন্তের জন্য নাদিমের মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

