শিবচরে বিনামূল্যে চোখ ও ডায়াবেটিক রোগের চিকিৎসা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৩

মাদারীপুরের শিবচরে বিনামূল্যে ৪৫০ রোগী পেয়েছে চোখ ও ডায়াবেটিক রোগের চিকিৎসা। শিবচর ডায়াবেটিক সমিতি (শিডাস) এর উদ্যোগে প্রত্যন্ত এলাকার রোগীদের ব্যবস্থাপত্র প্রদান শেষে ঔষধ প্রদান করা হয়। এছাড়াও ৩০ দরিদ্র রোগীর বিনামূল্যে ফেকো অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সমিতির পক্ষ থেকে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বোন ও শিবচর ডায়াবেটিক সমিতির (শিডাস) প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরী।

জানা যায়, শিবচর ডায়াবেটিক সমিতি (শিডাস) এর আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ বহেরাতলার টেকেরহাট উচ্চ বিদ্যালয়ে চোখ ও ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন সাড়ে চার’শ রোগীর ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এদিন রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।

এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতি (শিডাস) এর পক্ষ থেকে ১১টি ক্যাম্পেইন এর মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে। এছাড়াও ৪২ দরিদ্র রোগীকে ঢাকায় নিয়ে বিনামূল্যে চোখে ফেকো অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সমিতির অর্থায়নে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বোন ও শিবচর ডায়াবেটিক সমিতি (শিডাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরী বলেন, শিবচর ডায়াবেটিক সমিতি (শিডাস) চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্মার্ট শিবচরকে ডায়াবেটিক মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। আমরা এ পর্যন্ত ৪২ জন দরিদ্রকে সমিতির অর্থায়নে ঢাকায় নিয়ে চোখের ফ্রি ফেকো করে দিয়েছি। আজ আরও অনেককে শনাক্ত করা হয়েছে তাদেরও ফ্রি ফেকো করানো হবে। ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শিবচরের সকল ডায়াবেটিক রোগীদের একটি নেটওয়ার্কে এনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ সময় শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি, শিবচর ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এবি