তালায় কিশোর ভ্যানচালক শাহীন হত্যাচেষ্টায় গ্রেপ্তার আরো ৩

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১২:৩৪

সাতক্ষীরায় তালায় কিশোর ভ্যানচালক শাহীনকে হত্যাচেষ্টা মামলায় আরো ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে যশোরের কেশবপুর উপজেলার সরফাবাদ ও বাজিতপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কেশবপুরের সরফাবাদ গ্রামের আজিজ মোড়লের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), একই গ্রামের মৃত জোহর আলী মোড়লের ছেলে নরিম মোড়ল (৭৮) ও একই উপজেলার বাজিতপুর গ্রামের শওকত আলীর ছেলে আজগর হোসেন (২৬)।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রেসব্রিফিংয়ে জানান, শাহিনকে গুরুতর আহত করে ভ্যান ছিনিয়ে নেওয়ার প্রধান হোতা নাঈমুলকে সোমবার গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধৃত উক্ত তিন আসামি বিষয়ে গুরুত্বপর্ণ তথ্য দেয়। সে তথ্য অনুযায়ী এই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অভিযোগপত্র এক সপ্তাহের মধ্যে আদালতে দাখিল হবে বলেও জানান পুলিশ সুপার।

আরো পড়ুন : মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রলিচালকের মৃত্যু

প্রসঙ্গত, ২৮ জুন দুপুরে যশোর কেশবপুরের মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কিশোর শাহীনের ভ্যানে যাত্রীবেশে ওঠে দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ায় রাস্তার দু’পাশের পাট ক্ষেতের নির্জন স্থানে পৌঁছালে কথিত যাত্রীরা শাহীনের মাথায় আঘাত করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। অনেকক্ষণ অচেতন অবস্থায় সেখানে পড়ে থাকে সে। জ্ঞান ফিরলে শাহীনের কান্নার শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটা থানায় খবর দেন। 

ইত্তেফাক/আরকেজি