পুঁজিবাজারে ঝুঁকি এড়াতে প্রয়োজন বিনিয়োগ শিক্ষা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০০

পুঁজিবাজারে ঝুঁকি এড়াতে বিনিয়োগ শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে ঝুঁকি থাকবেই, এ ঝুঁকি বুঝতে হবে। এজন্য বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন।

সম্প্রতি বিএসইসি ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রংপুর জেলায় আয়োজিত বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বন্ড মার্কেটের উন্নয়নে আমরা কাজ করছি। পাশাপাশি পুঁজিবাজারে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে কাজ করছি। বিএসইসি আগামী বছরে লিস্টেড প্রোডাক্ট বাড়ানো এবং পুঁজিবাজার কেন্দ্রিক কর্মকাণ্ডগুলোকে ডিজিটালাইজেশন এই দুটি লক্ষ্য নিয়ে কাজ করছে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম বলেন, পুঁজিবাজারে ঝুঁকি আছে। তাই এই বাজারে বিনিয়োগের আগে দরকার কীভাবে বিনিয়োগ করবেন তা বোঝা। 

তিনি বলেন, পুঁজিবাজারে অলস অর্থ বিনিয়োগ করবেন। কীভাবে আর্থিক ব্যবস্থাপনা করবেন তা জানা খুবই জরুরি। যদি জেনে বুঝে বিনিয়োগ করেন তবে তা থেকে দীর্ঘমেয়াদি রিটার্ন আসবে। তিনি পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং নারীদের পুঁজিবাজারে আসার আহ্বান জানান।

ইত্তেফাক/এমএএম