ময়মনসিংহ সিটি নির্বাচন

অনিয়ম হলে কেন্দ্রের ভোট বন্ধ: ইসি আলমগীর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন যদি সুষ্ঠু না হয় বা কোনো কেন্দ্রে অনিয়ম হলে সেখানকার ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান।

তিনি মতবিনিময় সভায় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন পর্যন্ত এ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

পরে নির্বাচন কমিশনার ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর জন্য ধন্যবাদ জানান। তিনি ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই বলে সবাইকে ভোটের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, সিটি করপোরেশেনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। সভায় মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য দেন।

ইত্তেফাক/জেডএইচডি