নকশা না মেনে অবৈধ ভবন নির্মাণ, রাজউকের উচ্ছেদ অভিযান 

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৫

রাজধানীর পল্লবীর আলব্দীরটেক এলাকায় নকশা ব্যত্যয়কৃত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ৫ টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণ করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজউকের জোন-৩/১ এর আওতাধীন পল্লবীর আলব্দীরটেক এলাকায় রাজউক নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই এলাকায় নকশা বহির্ভূত বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে। এর মধ্যে আজকে ৫টি ভবনের আংশিক অপসারণসহ করা হয়। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এবং  ভবনের ব্যত্যয়কৃত অবৈধ অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলবেন মর্মে  ভবন মালিকগণ  থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান নেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

রাজউকের এই অভিযানকে স্থানীয় এলাকাবাসী স্বাগত জানিয়ে বলে প্রভাবশালী কিছু ভবন মালিক আইনের তোয়াক্কা না করে ভবন সম্প্রসারণ করার জন্য সরকারি রাস্তা দখল করে নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করে। রাজউক এই ধরনের অভিযান অব্যাহত রাখলে ভবিষ্যতে কেউ নকশা ব্যত্যয়কৃত করে অবৈধভাবে ভবন নির্মাণ করতে পারবে না। 

তাছাড়া নির্মাণাধীন ভবনে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নির্মাণ সামগ্রী রাস্তা দখল করে না রাখা জন্য জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এসময় রাজউক জোন-৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনিসহ এ জোনের সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণসহ রাজউকের জোন-৩/১ এর সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম