ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনে আজ বুধবার (২৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এরপর ঘোষণা করা হবে ফলাফল।
এর আগে বুধবার প্রথম দিন ভোট দিয়েছেন চার হাজার ২৩০ জন। প্রথম দিনে ১৯ দশমিক ৯৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত।
অপরদিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।
ঢাকা আইনজীবী সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এবার নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। এছাড়া ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।
গত বছর ঢাকা বারের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দ্বিতীয় দিন ভোট বর্জন করে বিএনপি সমর্থিত নীল প্যানেল। ফলে সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়েরসহ পূর্ণ প্যানেলে জয়লাভ করে আওয়ামী লীগ সমর্থকরা।
