রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাততলা ওই ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্ট, খানাস, ফুকো, অ্যাম্ব্রোশিয়াসহ একাধিক রেস্টুরেন্ট রয়েছে ও দোতলায় কাপড়ের দোকান 'ক্লজেট ক্লাউড' ও 'ইলিয়েন' রয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল ভবনটির দোতলায় রেস্টুরেন্টে আগুন লাগার পর তা দ্রুত উপর দিকে ছড়িয়ে পড়ে৷ প্রতিটি ফ্লোরে একাধিক রেস্টুরেন্ট ছিল। পাশের ভবনেই কেএফসি ও পিৎজা হাট।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, আগুন লেগেছিল ভবনের নিচের অংশে। পরে তা দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে।
এই রিপোর্ট লেখার সময় রাত ১০টা ৫০ মিনিটেও ভবন থেকে ধোয়া বের হতে দেখা যাচ্ছিলো। অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন যোগে দগ্ধ ও আহত অনেককে হাসপাতালে নিতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কীভাবে আগুনের সূত্রপাত —তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানা যাবে।
