রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম নুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএ সান্ধ্যকালীন কোর্সে ম্যানজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অগ্নিসংযোগের ঘটনা পর আহত ও নিহতদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেলে দগ্ধ হওয়া নুরুল ইসলামের লাশের পকেটে পাওয়া যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।
এ বিষয়ে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘নুরুল ইসলাম আমার সরাসরি ছাত্র ছিল। সে পাস করে বেরিয়ে গিয়েছিল। তার এমন মৃত্যুতে আমি মর্মাহত। মুহূর্তের মধ্যেই যেন তাজা প্রাণ ঝরে গেলো। নুরুল ইসলামের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার গভীরভাবে শোকাহত।’
