তিন মাস খেলায় নেই, তবু জামালের পক্ষে কাবরেরা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭:২৭

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আর্জেন্টিনার তৃতীয় বিভাগে খেললেও তিন মাস ধরে খেলায় নেই। তার পরও জাতীয় দলের দুয়ার বন্ধ হয় না। তার জায়গা ফাঁকা রাখা হয়। তিন মাস খেলায় নেই, কীভাবে সেই ফুটবলার জাতীয় দলে থাকেন—এমন প্রশ্নে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ‘জামাল যেখানে খেলেছে, সেখানে বিরতি চলছে। জামাল খেলার মধ্যে নেই এটাও সত্যি। এটাও ঠিক যে জামালের ফিটনেস ভালো আছে।  সে ফিট রয়েছে। এ কারণেই জামালকে দলে নেওয়া হয়েছে।’

২৮ জন ফুটবলার নিয়ে আগামীকাল সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করতে যাবে বাংলাদেশ ফুটবল দল। সেখান থেকে কুয়েতে গিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে খেলবে। ২১ মার্চ খেলা।

এবার দেশের মাঠে ক্যাম্প হচ্ছে না। ডাক পাওয়া খেলোয়াড়েরা সরাসরি বিমানবন্দরে রিপোর্ট করবেন। এই দলে ২৮ জন ফুটবলার রয়েছেন, এর মধ্যে তিন জন নতুন মুখ—শেখ জামালের তাজ উদ্দিন, পুলিশের শাহ কাজিম কিরমানি এবং ব্রাদার্সের রাব্বি হোসেন রাহুল। গতকাল দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জাতীয় দলের তিন নতুন মুখ প্রসঙ্গে কোচ কাবরেরা বলেন, ‘আমি অনেক দিন ধরেই শাহ কাজিমকে দেখছিলাম। কিছু ট্রেনিং সেশনও দেখেছি, যেটা আমার ভালো লেগেছে। আমার মনে হয়েছে, আমরা যেভাবে ফুটবল খেলি, আমাদের ফুটবল দর্শনের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে। আরও আগেই ডাকা হতো। কিন্তু ইনজুরির কারণে সেটা হয়নি। আশা করি, কাজিম মানিয়ে নিতে পারবে।’ কাজিম সাবেক ক্রিকেটার হালিম শাহ’র ছেলে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাবিয়ের কাবরেরা।

লিগে ব্রাদার্সের অবস্থা খুবই খারাপ। ৯ খেলায় জয় নেই। অথচ এই দলের একজন তরুণ ফুটবলার ১৭ বছর বয়সী রাব্বি হোসেন রাহুল সবার নজর কেড়েছেন। ৯ খেলায় ৫ গোল করেছেন তিনি। কোচ কাবরেরার নাকি রাহুলের দিকে নজরই ছিল না। কাবরেরা বললেন, ‘রাহুল ছেলেটা আমরা ভাবিনি। লিগের প্রথম পর্বে আট জন ৫ গোলের বেশি করেছেন। সেখানে রাহুল রয়েছেন। আমরা তাকে ন্যু ক্যাম্পে রেখেছি। অভিজ্ঞতা বেশি না হলেও সময় আছে। সাদ উদ্দিনের ছোট ভাই তাজ উদ্দিন। এশিয়ান গেমস ফুটবল দলে ডাক পেয়েছিলেন তাজ, কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তাজ সম্পর্কে কোচ বলেন, ‘তাজ গত মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলেছে এবার  শেখ জামালে। সবশেষ তিন ম্যাচে বেশি সময় খেলতে না পারলেও আগের ম্যাচগুলোতে তাজ যে খেলাটা খেলেছিল, তা আমার কাছে ভালো লেগেছে। আশা করি ২১ বছর বয়সী তাজ উদ্দিন মানিয়ে নিতে পারবে।’

ইত্তেফাক/জেডএইচ