গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছে। হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরে আসতে হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যদের। তবে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। যেখানে কিছুটা আক্ষেপ রয়েছে বিদেশি ক্রিকেটারদের ফর্ম নিয়ে।
কুমিল্লার জার্সিতে পুরো টুর্নামেন্ট জুড়ে তাওহীদ হৃদয় ৪৬২ রান করেছেন। বল হাতে তানভীর ইসলাম এবং মোস্তাফিজুর রহমান রয়েছেন সেরাদের কাতারে। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, 'লোকাল ছেলেরা যেভাবে খেলেছে, সেজন্য এ বছর আমি আরও বেশি খুশি। পুরো টুর্নামেন্টে লোকাল ছেলেরা অনেক ভালো পারফর্ম করেছে, যেটা অন্য বারের তুলনায় এবার ভালো ছিল। এটা আমার জন্য অনেক ইতিবাচক একটা ব্যাপার। দেশি খেলোয়াড়দের জয়ের জন্য যে ধরণের মন-মানসিকতা ছিল, আমি মনে করি সেটা ঠিক আছে।'
ফাইনাল হারের ব্যাপারে কুমিল্লার কোচ বলেন, 'আমরা দুইটা পাওয়ার প্লেতে ভালো ম্যাচটা কন্ট্রোল করতে পারিনি। দুইটা পাওয়ার প্লেতে খারাপ খেলার কারণে আমরা পিছিয়ে গেছি।' এ দিকে মুদ্রার উল্টো-পিঠে কুমিল্লার কোচের কিছুটা আক্ষেপও রয়েছে বিদেশি ক্রিকেটারদের নিয়ে। দেশি ক্রিকেটাররা ভালো ফর্ম করলেও বিদেশিদের থেকে আশানুরূপ পারফরম্যান্স তিনি পাননি।
ফাইনাল শেষে তেমনটাই বললেন, 'আমরা' সব সময় আশা করেছি বিদেশিদের থেকে ভাল কিছু পাব, কিন্তু সেটা হয়নি। এমনটা হতেই পারে, এ টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখলাম। আমরা ঠিক জায়গায় ঠিক ক্রিকেটার পেলে আরেকটু ভালো করতে পারতাম। কিন্তু এখানে হতাশ হচ্ছি না, চেষ্টা করছি সামনের বছর যেন আরও শক্তভাবে আসতে পারি।'

