ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন জন।
রোববার দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০) ও চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জে যাচ্ছিলেন আকিব মিয়াসহ পাঁচ জন। পথে আউশকান্দি মিঠাপুর নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। দুর্ঘটনায় আহত হন তিন জন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম মনিজা বেগম (৪৫)। তিনি উপজেলার দক্ষিণ মোহনপুর মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, মনিজা বেগম মোহনপুর থেকে উল্লাপাড়া শহরে প্রবেশ করতে গিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। উপস্থিত লোকজন এ সময় ট্রাকটি আটক করে। তবে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অনুরোধে ঘটনাস্থল থেকে মনিজার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
