হলমার্ক কেলেঙ্কারি মামলায় ২ ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৭:৩৫

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও কেশব রায় চৌধুরী। এর মধ্যে সাইফুর রহমান একজন ও কেশব রায় আদালতে দু’জন আসামির জবানবন্দি রেকর্ড করেছিলেন।

সোমবার (৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর আদালত আত্মপক্ষ সমর্থন ও যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১২ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এ দিন দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম মামলাটি রায় থেকে উত্তোলন করে দু’জন ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য নেওয়ার জন্য আবেদন করেন। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত মামলার সাক্ষ্য গ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

ইত্তেফাক/এসকে