চট্টগ্রামে পেনিনসুলা হোটেল থেকে বিদেশির রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৯:০৯

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের পেনিনসুলা হোটেল থেকে একি বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জজলো মাইকেল সিজারবেয়া নামের ওই বিদেশি পোল্যান্ডের নাগরিক। আজ সোমবার দুপুরে হোটেলের ৯১৫ নম্বর কক্ষের বিছানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। 

পুলিশ জানায়, জজলো মাইকেল সিজারবেয়া ঢাকার বিগস্টার বায়িং হাউজ নামে একটি প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করতেন। তিনি চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ক্যানপার্ক নামে একটি প্রতিষ্ঠানে কোয়ালিটি চেক করতে এসেছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি পেনিনসুলা হোটেলে ওঠেন। গত রবিবার থেকে রুমের ভেতরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। 

সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নিহত বিদেশির মাথার পিছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। খাটে ও ফ্লোরে রক্তের দাগও পাওয়া গেছে। এ ছাড়া রুম ছিল এলোমেলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি।

ইত্তেফাক/এআই