ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির আয়োজনে পঞ্চম জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৫:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) কর্তৃক আয়োজিত দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইদিনব্যাপী পঞ্চম জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে।

৩ মার্চ (রোববার) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আরেকজন মডারেটর ড. রায়হান সরকার ও ডিএমপির ডেপুটি কমিশনার (তেজগাঁও জোন) এইচ এম আজিমুল হক।

টিএসসি মিলনায়তনে ৩ মার্চ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৫৪টি জেলা থেকে ৮৬ স্কুল টিম, ৫৮ কলেজ টিম ও ৭৪ বিশ্ববিদ্যালয় টিমের প্রায় দের হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৪ মার্চ অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ ও মেগা কুইজ ব্যাটলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইজ দলগুলোসহ সারাদেশ থেকে আসা কুইজ টিমগুলো।

এ বছর আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, আন্তঃকলেজ প্রতিযোগিতায় ঢাকা কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। একক কুইজে সেরা দশ ছাড়াও প্রতিটি সেগমেন্টে ১ম রানার্সআপ, ২য় রানার্সআপ নির্ধারিত হয়।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রাইজমানিসহ সার্টিফিকেট, বই, ক্রেস্ট ও মেডেল প্রদান করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ‘কুইজ কুইজ’ সঞ্চালক ফেরদৌস বাপ্পী।

দ্বিতীয় দিন (৪ মার্চ সোমবার) অন্তঃবিশ্ববিদ্যালয় কুইজে চ্যাম্পিয়ন হয় পপুলেশন সায়েন্সেস বিভাগের টিম পপ ক্র‍্যাকার্স ও সারাদেশ থেকে মেগা কুইজ ব্যাটলে চ্যাম্পিয়ন হয় টিম এস্থেটিকস পপ ক্রাকার্স।

একক কুইজে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রাশেদ রাশা চৌধুরী।

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির দুইদিনব্যাপী এই কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রিমন আল মাহদী ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক শোয়াইব রহমান।

প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।

ইত্তেফাক/এসএটি