টানা পতন থেকে বের হলো দেশের শেয়ার বাজার। গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের উত্থানে লেনদেন হয়েছে। এর আগে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই সূচক কমেছে। শুধু তাই নয়, শেষ ১৬ কার্যদিবসের মধ্যে ১৩ কার্যদিবসেই মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলেছেন, সম্প্রতি বাজারের দুটি বড় মূলধনি কোম্পানি গ্রামীণফোন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) শেয়ারের ওপর থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর প্রত্যাহার করা হয়েছে। ফলে দুই কোম্পানির শেয়ারের দরপতনে শেয়ার বাজারে মূল্যসূচকের ওপরে বড় প্রভাব পড়ে। এ কারণেই গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে সূচক কমেছে। কিন্তু দুটি কোম্পানি যেহেতু ভালো, তাই বিনিয়োগকারীদের আগ্রহে আবার ঘুরে দাঁড়িয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল গ্রামীণফোন ও বিএটিবি দুটি কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে সূচকে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪.৯৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮.৬৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ্ সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪৩ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১১৩ কোটি ৩৩ লাখ টাকা।
গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৫টির। অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ফু-ওয়াং সিরামিকস। কোম্পানিটির ৪৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৩১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইল। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিং, মুন্নু ফেব্রিক্স এবং গ্রামীণফোন।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১২ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ২৪৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১০৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।
